স্টাফ রিপোর্টার : দুই সহযোগীসহ রাজশাহীর চাঁদাবাজ চান সওদাগরকে (৪৫) আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরা এ তিনজনকে আটকের পর নগরের রাজপাড়া থানায় হস্তান্তর করেন।

তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চান সওদাগর নগরের নতুন বিলশিমলা এলাকার বাসিন্দা। তার সঙ্গে আটক দুজন হলেন- একই এলাকার বাসিন্দা মুরাদ আলী (২৮) ও মো. বিদ্যুৎ (৩৭)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, চান সওদাগরের নামে আগে থেকেই ১৮টি মামলা আছে। এরমধ্যে পাঁচটি মারামারি, দুটি অস্ত্র, দুটি বিস্ফোরক ও সরকারী সম্পদ বিনষ্টের দুটি মামলার আসামি তিনি। এছাড়া একটি করে মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি গ্রহণ, চুরি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি চান সওদাগর।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক শনিবার বিকেলে বলেন, ‘সেনাবাহিনী চান সওদাগরসহ তিনজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। রোববার তাদের আদালতে তোলা হবে।’
