স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদের পোলিং এজেন্টদের নিয়ে একটি ব্যাপক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকালে বাঘা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই প্রশিক্ষণে বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে পাঁচ শতাধিক পোলিং এজেন্ট অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় নির্বাচন-সংক্রান্ত নীতিমালা, ভোটকক্ষ পরিচালনার কৌশল, সম্ভাব্য অনিয়ম শনাক্ত ও মোকাবিলা, ভোটার সহায়তার পদ্ধতি এবং কেন্দ্রে এজেন্টদের আচরণবিধি নিয়ে বিশদ আলোচনা হয়। নির্বাচনকে সহিংসতা-নির্ভর বা প্রভাবসৃষ্টির প্রচেষ্টা থেকে দূরে রেখে সুষ্ঠু ভোট নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।
মাস্টার ট্রেইনার হিসেবে পুরো প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি পোলিং এজেন্টদের ভূমিকা, দায়িত্ব এবং দক্ষতাকে ‘নির্বাচনের মেরুদণ্ড’ হিসেবে উল্লেখ করে বলেন,“আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুধুই রাজনৈতিক প্রতিযোগিতা নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের কঠিন লড়াই। এই লড়াইয়ে পোলিং এজেন্টরাই ধানের শীষের সামনের কাতারের সৈনিক। তাদের সজাগ দৃষ্টি, নির্ভুল নথিবদ্ধকরণ এবং উপস্থিত বুদ্ধিমত্তা একটি কেন্দ্রের ফলাফল বদলে দিতে পারে। ভোট কেন্দ্রে পোলিং এজেন্টরা প্রত্যেকেই প্রার্থীর প্রতিচ্ছবি—তাদের কাজ, আচরণ ও সততা সরাসরি দলের ভাবমূর্তিকে প্রতিনিধিত্ব করে।”
তিনি আরও বলেন,“সুষ্ঠু নির্বাচনের জন্য এজেন্টদের প্রশিক্ষিত, সচেতন ও মানসিকভাবে দৃঢ় থাকা জরুরি। অনেক সময় চাপ, বিভ্রান্তি বা ভীতি সৃষ্টি করার চেষ্টা হতে পারে। এসব পরিস্থিতিতে আইন অনুযায়ী, কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার বিকল্প নেই। যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, ধানের শীষের বিজয়কে ঠেকানোর শক্তি কারও থাকবে না।”
কর্মশালায় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলার সাবেক ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম। পুরো সেশনটি সঞ্চালনা করেন নন্দনগাছী ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. সারওয়ার মুর্শেদ। মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক নির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা কার্যকর প্রশিক্ষণ পান। কর্মশালা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজনে বাঘার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠান ছিল কর্মচঞ্চল ও প্রাণবন্ত।
