নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:৩৪। ১৮ জানুয়ারি, ২০২৬।

রাজশাহীতে এনসিপি নেতার ওপর হামলা, তিন পুলিশসহ আহত ৫

ডিসেম্বর ১২, ২০২৫ ৯:৪১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। তাঁকে উদ্ধার করার সময় ধাক্কাধাক্কিতে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান কাটাখালি থানার ওসি মুমন কাদেরী।

নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যদিও এই আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ  জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ

পুলিশ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর ও দোকান ভাঙচুর করে। এতে তিনি আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা কাটাখালি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এ সময় প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

কাটাখালি থানার ওসি মুমন কাদেরী বলেন, বিক্ষোভকারীরা শ্যামপুর এলাকার এক ব্যক্তির চায়ের দোকানের টেবিল-চেয়ার এনে আগুনে ফেলে দেয়। পরে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে- শ্যামপুরে নাকি ব্যবসায়ীদের দোকানপাটে লুটপাট চলছে। এতে স্থানীয় লোকজন দেওয়ানপাড়ায় জড়ো হয়ে উত্তেজনা বাড়ায়। খবর পেয়ে এনসিপি নেতা সাজু ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সাজুর ওপর হামলা হয়। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ট্রাম্প ‘সুর নরম’ করলেও হামলা নিয়ে এখনো উদ্বিগ্ন ইরান

ঘটনার বিষয়ে নাহিদুল ইসলাম সাজু বলেন, “আমার বাবা কাটাখালি ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলাম। কিন্তু অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। পুলিশ যখন আমাকে উদ্ধার করছিল, তখন তারা দুই রাউন্ড গুলিও ছোড়ে।”

তিনি অভিযোগ করেন, “আমি রাজশাহী-৩ আসনে এনসিপির প্রার্থী। যারা আমার ওপর হামলা করেছে, তারা বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাওয়ায় আমার উপর এ হামলা।’’

আরও পড়ুনঃ  আজকে এটা, কাল আপনারটার, পরশু আরেকটাতে হবে: নূরুল কবীর

তিনি আরও জানান, এর আগে ৮ ডিসেম্বর একই এলাকায় তাকে মাইক্রোবাসের চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। সে ঘটনায় থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আজকের ঘটনাতেও তিনি মামলা করবেন বলে জানিয়েছেন।

ওসি মুমন কাদেরী বলেন, গুলির ঘটনা ঘটেছে কি না সেটি তদন্ত করে জানা যাবে। তবে হামলার ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।