স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানার দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি মো. রিপন (৪৩)-কে গ্রেপ্তার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।
এ বিষয়ে রাজপাড়া থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ননা করেন আরএমপি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরএমপি মুখপাত্র মো: গাজিউর রহমান, পিপিএম উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি (চলতি দায়িত্বে) ও এডিসি (ক্রাইম অ্যান্ড অপস্ এবং মিডিয়া)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বৃহস্পতিবার ভোররাত (১১ ডিসেম্বর) আনুমানিক পৌনে ৫ টায় আরএমপি’র রাজপাড়া থানার একটি বিশেষ টিম রাজশাহী জেলার বাঘা থানার নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
তদন্তে জানা যায়, রিপনসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ বিরোধিতার জেরে ওমর ফারুক শান্ত (২৪)-কে নির্মমভাবে হত্যা করা হয়। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৫ টায় রাজপাড়ার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার চায়ের দোকানের সামনে গজ চিপা গলির ভরাট পুকুরে ভিকটিমকে ধারালো চাকু ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। হত্যা মামলায় নিহতের পিতা মোট ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে আরএমপি’র অভিযান অব্যাহত রয়েছে।
রাজপাড়া থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মীর মো: শাফিন মাহমুদ উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), মো: মোস্তফা কামাল সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া জোন) অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন), নাসিদ ফরহাদ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), আব্দুল মালেক অফিসার ইনচার্জ রাজপাড়া থানা।
সংবাদ সম্মেলন শেষে গ্রেপ্তারকৃত আসামী রিপনকে আদালতে প্রেরণ করা হয়।
