নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

আগস্ট ১০, ২০২৬ ৭:৫৪ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।

সোমবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুনঃ  বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

এর আগে ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ফলে সাত বছরের তুলনায় এবারই সবচেয়ে কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

ফলাফলে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। এ বছর রাজশাহী বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।

বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, বর্তমান সরকার কোয়ানটিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এ জন্য শুরুতে তো একটু ধাক্কা খেতেই হবে। আমরা আশা করছি সামনে বোর্ডের ফলাফল আরও ভাল হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।