নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১২:৪০। ৯ মার্চ, ২০২৬।

শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট

ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ২:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সময় ব্যাংকের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করছিলেন সেলিম মণ্ডলসহ কয়েকজন শ্রমিক। আগুনে পুড়ে সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক নিহত হন।

আরও পড়ুনঃ  যশোরে পেট্রোল সংকট আশঙ্কায় পাম্পগুলোতে ভিড়

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-৪১) করেন। মামলাটি তদন্ত করছেন থানার উপপরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স ৬ মাস থেকে বন্ধ

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আইভী বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন। সেলিম মণ্ডল হত্যা মামলায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

এর আগে বৃহস্পতিবার ফতুল্লা ও সদর মডেল থানায় দায়ের করা পৃথক পাঁচটি মামলায় বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াসিন হত্যা, পারভেজ হত্যা এবং সরকারি কাজে বাধা মামলায় আদালত থেকে জামিন পান তিনি।

তবে গত বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও পরবর্তীতে আপিল বিভাগ তা স্থগিত করেন। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।