স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে কিছু এতিম শিশুর মুখে হাসি ফোটাতে তাদের সাথে ইফতার করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
ইফতার শেষে এমপি শফিকুল হক মিলন বলেন,“রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। যারা পরিবারহীন, যারা প্রতিদিন সংগ্রাম করে বড় হচ্ছে- তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা সৌভাগ্যের বিষয়।”
এমপি মিলন বলেন,“আমি চাই না কোনো শিশু নিজেকে একা মনে করুক। তারা যেন বুঝতে পারে-সমাজ তাদের পাশে আছে, রাষ্ট্র তাদের অভিভাবক। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে মানুষ হবে-এটাই আমার প্রত্যাশা। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক ও নেতৃত্ব উঠে আসবে।”
তিনি আরও বলেন,“এই শিশুরা কোনো বোঝা নয়, তারাই আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ ছাড়া তা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তাদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করছি।”
শিশুদের মধ্যে ইউসেফ স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাহেব আলী বলে, “এমপি স্যার আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন। খুব ভালো লাগছে।” আরেক শিশু ইদুল আলী জানায়, “তিনি আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন।”
রমজানের পবিত্র আবহে এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল নয়; এটি ছিল দায়িত্ববোধ, মানবিকতা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের এক দৃঢ় ঘোষণা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
