নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:১০। ৩ এপ্রিল, ২০২৬।

রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার

এপ্রিল ২, ২০২৬ ৪:৪১
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভুয়া চাহিদাপত্রে ফিলিং স্টেশন থেকে অফিসের নামে ৩০০ লিটার পেট্রোল ও অকটেন নিতে যাওয়া ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে প্রত্যাহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহীর নওহাটা স্টেশন থেকে তাদের প্রত্যাহার করে ঢাকায় সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পাঁচজন হলেন- লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান এবং ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত ও আব্বাস আলী। ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  তানোরে সাংবাদিক টিপু সুলতানের মাতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

তিনি বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। আজ (বৃহস্পতিবার) সকালে অফিসে এসেছি। এসে তাদেরকে শোকজ করা কিংবা ব্যাখা তলব করার মতো সময়ও পাইনি। ঘটনাটি জানাজানি হলে সদর দপ্তর তাৎক্ষণিকভাবে পাঁচজনকে ক্লোজড করে হেডকোয়ার্টারে নিয়েছে। গতকাল (বুধবার) রাত ৯টায় তারা স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

নিরঞ্জন সরকার বলেন, ‘আমি রাজশাহী এসে পৌঁছেছি, আর তারা ঢাকায় গিয়ে নেমেছেন। ওদের সঙ্গে আমার দেখাও হয়নি। এখন তদন্ত হবে। তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা।’

আরও পড়ুনঃ  বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

উল্লেখ্য, স্টেশন প্রধান নিরঞ্জন সরকার ছুটিতে গেলে লিডার রবিউল আলমকে দায়িত্ব দিয়ে যান। বুধবার তিনি অফিসের নামে একটি ভুয়া চাহিদাপত্র তৈরি করেন। এরপর একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল তুলে পার্শ্ববর্তী একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান।

তারা প্রথমে ২০০ লিটার পেট্রোল নেন। এরপর আরও ১০০ লিটার অকটেন নেন। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হয়। তারা ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারেন, ফায়ার সার্ভিসের স্টেশনে পেট্রোল ও অকটেনের প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

এ সময় তাদের কাছ থেকে ওই ৩০০ লিটার তেল ফেরত নেওয়া হয়। এই পাঁচজন ভুয়া চাহিদাপত্র দিয়ে সরকারি গাড়ি ব্যবহার করে নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য তেল নিতে গিয়েছিলেন বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।