নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১১:২৪। ৬ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহীর সাফিনা পার্কে শিক্ষা সফরে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:১০
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা ওয়াটার পার্কে শিক্ষা সফরে এসে ওয়েভ পুলে নেমে আবিদ আহানাফ সোয়াদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ বগুড়ার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি সহপাঠীদের সঙ্গে শিক্ষা সফরের অংশ হিসেবে ওই পার্কে যান।

আরও পড়ুনঃ  ধানের শীষ প্রতীক জনগণের পছন্দের প্রতীকে পরিণত হয়েছে - মিনু

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের সূত্রে জানা যায়, ওয়েভ পুলে নামার পর আবিদ পানিতে লাফ দিলে গুরুতর আঘাত পান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পার্কে উপস্থিত স্থানীয়রা এবং মাদ্রাসার প্রিন্সিপাল অভিযোগ করেন, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দক্ষ লাইফগার্ডের অভাব ছিল। তাদের দাবি, প্রয়োজনীয় সতর্কতা ও তদারকি থাকলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

আরও পড়ুনঃ  ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস

মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, “শিক্ষা সফরের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দ দেওয়া। কিন্তু অব্যবস্থাপনার কারণে আমাদের একটি মূল্যবান প্রাণ হারাতে হলো।”

আরও পড়ুনঃ  শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

এ বিষয়ে গোদাগাড়ী থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ওয়াটার পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশিক্ষিত লাইফগার্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।