মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নের কাঠালপাড়া এলাকা থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
প্রচার শুরু হতেই এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে প্রার্থীকে অভ্যর্থনা জানান। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। সাধারণ মানুষের চোখেমুখে ছিল আশার আলো এবং কণ্ঠে প্রতিফলিত হয় পরিবর্তনের প্রত্যাশা।
গণসংযোগকালে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এলাকাবাসীর সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং মনোযোগ দিয়ে শোনেন তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া। এ সময় তিনি বলেন, আগামী দিনে ধানের শীষ বিজয় লাভ করলে চান্দুরিয়া ইউনিয়নসহ গোটা তানোর উপজেলার অবহেলিত মানুষের সকল যৌক্তিক সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করা হবে। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই তার রাজনীতির মূল লক্ষ্য এবং তানোর-গোদাগাড়ী এলাকার উন্নয়নে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
এ সময় এলাকাবাসী ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
