নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। দুপুর ১:১২। ২৬ মে, ২০২৬।

তিন শূন্য লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান

জুলাই ৫, ২০২৫ ১১:০৬ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ তিনটি শূন্য লক্ষ্য অর্জনে প্রয়োজন সামাজিক দায়িত্ববোধের চর্চা এ কথা উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।

রাজধানীর গুলশানে আজ একটি হোটেলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়।

আরও পড়ুনঃ  গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

উপদেষ্টা বলেন, আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের উপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে।

তিনি ভোগব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে বলেন, প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরে।

ইসলামের মূল্যবোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলাম কেবল প্রচার নয়, কার্যকর উদ্যোগের নির্দেশ দেয়। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে উপার্জন করে তা অন্যের কল্যাণে ব্যয় করার শিক্ষা দেয়।

আরও পড়ুনঃ  আছিয়া হত্যার রায় কার্যকর হয়নি বলে রামিসার প্রতি বর্বরতা

তিনি বলেন, মানবিক সংকটে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধভাবে কথা বলে না। নৈতিক সাহস ছাড়া ভ্রাতৃত্ববোধের কোনো অর্থ নেই।

উপদেষ্টা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি পরীক্ষিত এবং কার্যকর মডেল হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক কর ব্যবস্থায় আমরা কর দেই, আশা করি রাষ্ট্র গরিবদের সহায়তা করবে। কিন্তু বাস্তবে সেই অর্থ ব্যয় হয় বড় প্রকল্পে, যা প্রান্তিক জনগোষ্ঠীর উপকারে আসে না। মানবিক ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, ঘৃণা নয়, বৈচিত্র্যকে গ্রহণ করাই মানবতার পথ। আমাদের উচিত সহমর্মিতা থেকে কথা বলা এবং সব সম্প্রদায়কে মূল্যায়ন করা।

আরও পড়ুনঃ  আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউয়ের মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনকের চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউয়ের হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়াব-এর চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ও বিআইআইটিয়ের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউ-এর কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।-বাসস

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।