নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর সড়কে তুরস্কের বাতি

নভেম্বর ২৭, ২০২৩ ৮:৩৪ 👁️ ১৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: তুরস্ক থেকে আনা সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোল ও সড়কবাতির আলোয় আলোকিত হয়েছে রাজশাহী মহানগরীর একটি সড়ক। শহরেরর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত সড়কটি সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোলে সড়কবাতিতে আলোকায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত আলোকায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় বিহাস এলাকায় আনুষ্ঠানিকভাবে সড়কটির আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ  বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

এ সময় তিনি বলেন, আলোকায়নের দিক দিয়ে রাজশাহী শহরকে বিশ্বমানের শহরে পরিণত করা হচ্ছে। তুরস্ক থেকে আনা সুদৃশ্য ও ডেকোরেটিভ পোল ও সড়কবাতি নগরীর তালাইমারি থেকে কাটাখালি বাজার পর্যন্ত সড়কে স্থাপন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০টি ডেকোরেটিভ পোলে আলোকায়ন করা হলো। আরো ১০০টি পোল জাহাজে করা আনা হচ্ছে। প্রতিটি পোলে সিটি করপোরেশনের মনোগ্রাম ও নাম রয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

এই ধরনের পোল ও সড়কবাতি বাংলাদেশে আমরাই প্রথম এনেছি। তিনি আরও বলেন, দিনের বেলা পরিচ্ছন্ন ঝকঝকে রাজশাহী আমরা উপহার দিয়েছি। আর রাতের রাজশাহী হচ্ছে আলোকসজ্জিত। এই আলোকায়নে নিরাপত্তা ও নগরীর সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে। সড়কটির কাজ সম্পন্ন শেষ হলে এটি দেখতে আসবেন অনেকে। সড়কের পাশে হোটেল, রেস্তোরাঁ ও কফিশপ তৈরি হবে। সেখানে অনেক কর্মসংস্থানও হবে।

এ সময় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত ৪ দশমিক ১০ কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেনসহ ৬ লেন সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। এই সড়কের মাঝে ২ মিটারের সড়ক ডিভাইডার রয়েছে। সেখানেই বসানো হয়েছে তুরস্ক থেকে আনা সড়কবাতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।