নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাকাবের রাজশাহী জোনে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য

জুলাই ২২, ২০২৬ ৪:৪৩ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী জোনের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ ১০ শতাংশে নামিয়ে আনা এবং ২০ কোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরের নানকিং দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রাকাবের রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মো. মহববত আলী বিশ্বাস।

আরও পড়ুনঃ  ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

সভায় জানানো হয়, কৃষক, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব ব্যবসায়ীদের সেবা সম্প্রসারণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি-নির্ভর মসলা উৎপাদনে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ, নতুন গ্রাহক বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নিয়মিত লেনদেনকারী গ্রাহকের সংখ্যা বৃদ্ধি, সরকারি এক্সিট পলিসির আওতায় খেলাপি ঋণ কমানো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) ঋণ বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস ও কেঁচো কম্পোস্টসহ পরিবেশবান্ধব খাতে অর্থায়ন।

সভাপতির বক্তব্যে জোনাল ব্যবস্থাপক মো. মহববত আলী বিশ্বাস বলেন, আগামী অর্থবছরে শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়ে ঋণ আদায় জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রাজশাহী জোনে ১৪ কোটি ৫৪ লাখ টাকা মুনাফা অর্জিত হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে ২০ কোটি টাকা মুনাফার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী জোনে বর্তমানে ২৬টি শাখা রয়েছে। গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫৭ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৪০০ কোটি টাকা।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী জোনে আমানতের পরিমাণ ছিল ৫৮৪ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে ৭১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে শ্রেণিকৃত ঋণ ১০৮ কোটি টাকা থেকে কমে ১০৬ কোটি টাকায় নেমেছে। ২০২৫-২৬ অর্থবছরে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৫৬৬ কোটি টাকা।

আরও পড়ুনঃ  সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা বলেন, শাখা ব্যবস্থাপকদের দক্ষতার সঙ্গে কাজ করে নতুন আমানত সংগ্রহ ও মানসম্মত ঋণ বিতরণ বাড়াতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভা শেষে বিভিন্ন সূচকে সফলতা অর্জনকারী শাখা ব্যবস্থাপকদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।