স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
মুসল্লিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নসহ সমতলকরণ করতে কাজ চলছে পুরোদমে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হচ্ছে। পাশাপাশি টাঙানো হচ্ছে সামিয়ানা।
রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন হযরত শাহ্ মখদুম (রহ.) দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাসেমী। তার সহযোগী হিসেবে থাকবেন মুফতি মহিবুল্লাহ।
এদিকে ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে হযরত শাহ্ মখদুম (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদ বিকল্প হিসেবে প্রস্তুতি রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে দুটি জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়।
এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। এদিকে নগরীর অধিকাংশ ঈদের জামায়াত সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আর এম পির মুখপাত্র গাজিউর রহমান জানান, ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
