নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

আগস্ট ৪, ২০২৬ ৪:৫৪ 👁️ ৩৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেছেন, “সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে “রাজশাহীর সাংবাদিক সমাজ”-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। দৈনিক গণকণ্ঠের রাজশাহীর মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল বলেন, “সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েও সমাজের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, দখলবাজি ও নানা অপরাধের চিত্র জনগণের সামনে তুলে ধরেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো সাংবাদিক হামলা, ভয়ভীতি বা হয়রানির শিকার হন, তাহলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর হুমকি। হামলা, ভয়ভীতি কিংবা সন্ত্রাসের মাধ্যমে সত্য প্রকাশের পথ কখনোই রুদ্ধ করা যাবে না। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের সাংবাদিক সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।”

আরও পড়ুনঃ  জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

তিনি আরো বলেন, “আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হামলায় জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার নেপথ্যের পরিকল্পনাকারী ও মদদদাতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সাংবাদিকের ওপর এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এ ধরনের অপরাধ আরো উৎসাহিত হবে, তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”

আরও পড়ুনঃ  মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

সাংবাদিক নেতা আব্দুল আউয়াল বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। রাষ্ট্রকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। রাজশাহীর সাংবাদিক সমাজ স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে এবং সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের গণতান্ত্রিক কর্মসূচিতে সোচ্চার ভূমিকা পালন করবে।”

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান প্রমুখ। এতে বিভিন্ন গণমাধ্যমের রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে। #

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।