নওগাঁ প্রতিনিধি : হঠাৎ করেই নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের রোগীদের কক্ষ, টয়লেট, রান্নাঘরসহ বিভিন্ন স্থান সরেজমিন ঘুরে দেখেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও যাচাই করেন তিনি।
পরে মন্ত্রী সরাসরি রোগীদের কক্ষে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল থেকে চিকিৎসাসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা তা জানতে চান। রোগীদের কাছ থেকে হাসপাতালের সেবার মান সম্পর্কে সরাসরি মতামতও নেন তিনি।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওষুধের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের পুরোনো ভবন প্রসঙ্গে তিনি বলেন, খুব দ্রুত নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
