নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৯:০৯। ১ মে, ২০২৬।

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

মে ১, ২০২৬ ৫:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতেও আজ পহেলা মে (শুক্রবার) মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন সকাল সাড়ে আটটায় বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে ফিতা কেটে দিবসটির উদ্বোধন করেন। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেরখাদিয়াস্থ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নোস্ট্রি) এসে শেষ হয়। সকাল নয়টায় নোস্ট্রি সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং শ্রম কল্যাণ কেন্দ্র যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

আরও পড়ুনঃ  ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী ঈশা, পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মারুফ হোসেন, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. রুকুনুজ্জামান আলম প্রমুখ বক্তৃতা করেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা এখনও সব জায়গায় আমাদের শ্রমিকদের যথাযথ মর্যাদা দিতে পারিনি। আমাদের মিল-কলকারখানা, অফিস-আদালত, যানবাহন এবং অন্যান্য যে-সব প্রতিষ্ঠান রয়েছে, এখানে যারা শ্রমিক হিসাবে কাজ করেন, তাদের জীবন এখনও আমাদের সাধারণ জীবন মানের চেয়ে অনেক নিম্নে। কাজেই এক্ষেত্রে আমাদের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আমরা যারা অফিসের কর্ণধার এবং মালিকপক্ষ আছি তারা যদি শ্রমিকদের নিজেদের পরিবারের অংশ হিসেবে মনে করি এবং তাদের প্রতি আমাদের যে নৈতিক, আইনগত এবং ধর্মীয় দায়িত্ব রয়েছে এটি যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা তাদের জন্য ন্যূনতম খরচে অনেক কিছু করতে পারি। শুধু সদিচ্ছা সাথে সচেতন থাকলেই এটা করা সম্ভব।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

তিনি আরও বলেন, আমরা যদি শ্রমিকদের কাছে শুধুই চাই, এটা অনৈতিক হবে। আমাদের আগে শ্রমিকদের কর্মপরিবেশ সঠিকভাবে দিতে হবে। সঠিক কর্মপরিবেশ দিতে পারলে তাদের কাছ থেকে শতভাগ ফেরত পাওয়া যাবে। শ্রমিকদের বেতন দিলেই কিন্তু শেষ না, তাদের যে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে সেদিকেও খেয়াল রাখতে হবে।

আরও পড়ুনঃ  পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

আমরা সবাই সমান। আমরা একেক জন একেক কাজ করি, কিন্তু সর্বোপরি আমরা সবাই দেশের জন্য কাজ করি। এসময় তিনি একটি সাম্যের বাংলাদেশ ও সাম্যের সমাজ গড়ে তুলে সবাই একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাসিক প্রশাসক বলেন, শ্রমিকরা উন্নয়ন করবে, শ্রমিকরা দেশ গঠন করবে। তাদের পরিশ্রমের মধ্য দিয়ে একটি সুপ্রতিষ্ঠিত সমাজ গঠন করা সম্ভব বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, নিরাপদ কর্মপরিবেশে আজকে শ্রমিকরা যদি মর্যাদা পায় এবং তার শ্রমের ঘাম শুকানোর পূর্বেই যদি তার পারিশ্রমিক পরিশোধ করা হয়, তবেই তার শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আমরা যারা সমাজ ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছি, তারা যেন শ্রমিকদের এই ন্যায্য অধিকার সুপ্রতিষ্ঠা করতে পারি, এই হোক আমাদের আজকের অঙ্গীকার।

অনুষ্ঠানে নানা পেশার শ্রমিকবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।