স্টাফ রিপোর্টার, বাঘা : নাটোরের লালপুর উপজেলার রাইটার চরে পদ্মা নদীর কিনারায় একটি নৌকার ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পর লালপুরে রাইটার চরে পদ্মা নদীর কিনারায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাহাবুল প্রামানিক (৪২) ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনূস প্রামানিক এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর কিনারায় একটি নৌকার ভেতর তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। চর এলাকায় বালু মহল দখল ও আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেলাল গ্রুপ ও কাঁকন গ্রুপের মধ্যে প্রায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নৌকাটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক তথ্যে ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে সেখানে ফেলে রেখে গেছে। তবে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা হবে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
