স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল অ্যালকোহল ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে পলাতক আসামি করা হয়েছে।
গ্রেপ্তার নাসির আলী (২৪) পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। আর গ্রেপ্তার আল মামুন (২৬) একই গ্রামের মো. আসাদুল আলীর ছেলে। মামলার পলাতক আসামি নাসিমা বিবি (৪০) একই এলাকার বাসিন্দা ও মো. আলাউদ্দিনের স্ত্রী।
আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাদপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পবা থানা পুলিশ। অভিযানে নাসির আলী ও আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসিমা বিবি কৌশলে পালিয়ে যান।
পরে নাসির আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। এছাড়া আল মামুনের দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানান, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পলাতক আসামি নাসিমা বিবিও এ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
