স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের মৃত মুকুল হোসেনের ছেলে মো: তুষার আহম্মেদ কালু (২৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে কালু এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর গ্রামের মোহা: ইউনুস আলীর ছেলে বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামে বসবাসরত মোহা: শাহ নেওয়াজ পারভেজ (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় কালুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়। অপর আসামি পারভেজের হেফাজত থেকে ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে একে অপরের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এছাড়াও বিশেষ মাদকবিরোধী টিম একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলাবাগান গ্রামের আসলাম হোসেনের ছেলে মো: শাওন (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭০ গ্রাম গাঁজা ও ৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি শাওনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
