মান্দা( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান।
নিহত শাহজাহান আলী উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরে যান শাহজাহান আলী। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুরে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
