নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৯:৫৩। ১৫ মে, ২০২৬।

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

মে ১৫, ২০২৬ ৭:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর ঐতিহ্যবাহী ‘রাজশাহী সিল্ক’ বা রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার সকালে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সোনালী আঁশ পাটের ঐতিহ্য এখনো কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা এবং বিভিন্ন খাতে (যেমন: ব্র্যাক ব্যাংক, বিকাশ, আড়ং, ব্র্যাক ফিন্যান্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স) তাদের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, ব্র্যাক যেন রাজশাহীর এই সিল্ক শিল্পকে পুনরায় বিশ্বব্যাপী পরিচিত করে তোলার দায়িত্ব নেয়।
ভূমি মন্ত্রী আরোও জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাকের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সরকারের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী আগামী দিনে স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের সর্বোচ্চ সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেন।
তিনি বলেন ব্র্যাক সারা বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করলেও, নিজ দেশে (মাতৃভূমিতে) বিশেষ করে রাজশাহীর উন্নয়নে তারা যেন আগের মতো জোরালো ভূমিকা পালন করে, সেই আহ্বান জানান ভূমি মন্ত্রী।

অন্যদিকে পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষিখাতের আধুনিকায়নে একটি কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (এগ্রো ইপিজেড) ও বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি করেছেন। সম্প্রতি এই অঞ্চলের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে এমপি মিলন।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশেষায়িত মেডিকেল হাসপাতাল স্থাপন করা প্রয়োজন। এছাড়া, কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়, বরং খাদ্যপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে একটি এগ্রো ইপিজেড গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পচনশীল পণ্য সংরক্ষণের জন্য এই অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়।
তিনি আরোও বলেন, রাজশাহীর মোহনপুর এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফসল ‘পান’
দীর্ঘ দিন ধরে এক ধরণের ভাইরাসে আক্রান্ত।
দীর্ঘ মেয়াদী গবেষণা সত্ত্বেও এর কোনো কার্যকর সমাধান না আসায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভাইরাস দমনে এবং অর্থকরী ফসলের মান উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে জোরালো গবেষণার আহ্বান জানান তিনি।
বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ স্থাপনে চরম সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (ইগউঅ) মাধ্যমে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং সংরক্ষণের প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি, এই অঞ্চলের বিশাল পতিত জমি ও বিলগুলোতে সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল) প্রকল্প স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোর প্রস্তাব দেন এমপি।
এমপি আরোও বলেন, অঞ্চলটিতে ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তা বলেন, ঋণের চাপে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঋণ আদায়ের প্রক্রিয়াটিকে আরও মানবিক ও প্রশিক্ষণলব্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে, এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্র্যাকের (ইজঅঈ) মতো বড় উন্নয়ন সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান এমপি।

আরও পড়ুনঃ  রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাকের কর্মকাণ্ডের একটি বড় অংশই যেহেতু নিজেদের অর্থায়নে পরিচালিত হয়, তাই মানুষ ও দেশের প্রয়োজনে ব্র্যাক নিজেদের সিদ্ধান্তেই উন্নয়নমূলক যে কোনো কাজ হাতে নিতে পারে। এ জন্য কারো অনুমোদন বা পরামর্শের প্রয়োজন হয় না। ব্র্যাকের বিস্তৃতি আজ বিশ্বজুড়ে হলেও আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার বাংলাদেশ এবং দেশের মানুষ।
কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাকের অন্যতম দর্শন হচ্ছে, মানুষের ভেতরের অমিতসম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং তা এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা। ব্র্যাক বাংলাদেশের জন্য কাজ করে না; এর জন্ম বাংলাদেশে, এটি বাংলাদেশের প্রতিষ্ঠান।
রাজশাহী রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক মোঃ শাহজাহান নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, মাদক, কিশোর গ্যাং এবং সার্বিক নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্বে দিয়ে বলেন, এসব সমস্যা সমাধানে ব্র্যাকের মতো প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ফরিদ উদ্দীন খান প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আরো বিস্তৃত পরিসরে কাজ করার জন্য ব্র্যাকের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ডের মধ্যে ব্র্যাকের শিকড় প্রোথিত।
রাজশাহী জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ জাওয়াদুল হক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডা. মো. ওয়াসিম হোসেন, এ্যাডভোকেট মো. এনামুল হক, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, রাজশাহী জেলা সুজনের সভাপতি সফিউদ্দিন আহমেদ প্রমুখ।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয় ২০২৫ সালে রাজশাহী বিভাগে ২০ হাজার ৭৯২টি অতি-দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ হাজার ৭০৩টি পরিবার সফলভাবে অতিদারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। জলবায়ু সহনশীলতা বিষয়ে সহায়তা পেয়েছেন ১১ হাজার ৪৫১ জন। সহায়তা পেয়েছেন ১ হাজার ৫৬৫জন প্রতিবন্ধী ব্যক্তি। মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের আওতায় প্রায় ২১ লাখ সদস্যেরমধ্যে ৮৭.৮৯ শতাংশ নারী। এছাড়া ৯৩৮ জন বেকার যুবককে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রাজশাহী বিভাগে কমিউনিটি-ভিত্তিক স্বাস্থ্য কার্যক্রমের মাধ্যমে ১ লাখ ৪৮ হাজার ৯৯৮ জন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার আওতায় এসেছেন। ৮৪ হাজার ৫০৬ জন গর্ভবতী নারী পূর্ণাঙ্গ প্রসবপূর্ব সেবা পেয়েছেন এবং ৪৫ হাজার ৬৩৮টি নিরাপদ প্রসব নিশ্চিত করা হয়েছে। এছাড়া ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের চক্ষু পরীক্ষা এবং ২ হাজার ১৭৩টি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
একইভাবে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ সহনশীলতা, নারী ও পুরুষের সমঅধিকারসহ নানা কর্মসূচির তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।