নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৪:৩৫। ১১ জুন, ২০২৬।

‘উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

মে ৯, ২০২৬ ১০:২৩ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নিজেদের নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকব না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব। এই লক্ষ্য পূরণে সবচেয়ে বেশি প্রয়োজন প্রকৌশলী শিক্ষার্থীদের।”

শনিবার (৯ মে) রুয়েট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিন পর্বে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামীকাল রোববার (১০ মে) থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

ছাত্রজীবনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই, অর্থাৎ আগামী চার বছর। প্রস্তুতি নিতে যদি ব্যর্থ হও, তবে ব্যর্থতাকে বরণ করে নেওয়ার প্রস্তুতিই নিচ্ছ। একজন ভালো প্রকৌশলী হওয়ার পাশাপাশি সুনাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। রুয়েটের পাশাপাশি দেশের সুনাম ও গৌরবও তোমাদের হাতেই নির্ভর করছে।”

এ সময় তিনি অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজ সন্তানদের এই পর্যায়ে নিয়ে আসার পেছনে আপনাদের অবদানই সবচেয়ে বেশি।”

আরও পড়ুনঃ  রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রকল্যাণ দপ্তর কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে র‌্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমানে ছাত্রীদের শতভাগ এবং ছাত্রদের প্রায় ৮০ শতাংশ আবাসন নিশ্চিত করা গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। এছাড়াও ১৪টি বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪টি বিভাগের বিপরীতে মোট ১ হাজার ২৩০টি আসন রয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি করে আসন, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি করে এবং আর্কিটেকচার, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০টি করে আসন রয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।