নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৩:৫৭। ১৯ এপ্রিল, ২০২৬।

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

এপ্রিল ১৮, ২০২৬ ১০:০৫
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। সম্প্রতি পৌর এলাকার শ্রীমন্তপুর,বুজরুকপাড়া,হাটপাড়া ও সারাংপুরসহ বিভিন্ন মহল্লায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শ্রীমন্তপুর গ্রামে কুকুরের বর্বরোচিত আক্রমণে ৩ বছরের এক শিশুর নাকের মাংস ছিঁড়ে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রীমন্তপুর গ্রামের ফরহাদ হোসেন তিতুর ৩ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ বাড়ির পাশে অবস্থানকালে একটি পাগলা কুকুর তাকে আক্রমণ করে। কুকুরটি আব্দুল্লাহর নাকের একাংশের মাংস কামড়ে ছিঁড়ে তুলে ফেলে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন মোমিমুল (৫৮) নামের এক বৃদ্ধকে আক্রমণ করে কুকুরটি তার কপালে গভীর ক্ষত সৃষ্টি করে। তার ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে যেখানে সেও বর্তমানে চিকিৎসাধীন। অন্যদিকে বুজরুকপাড়া এসলাম উদ্দীনের মেয়ে তাজকেরা বেগম বেবি(৩৫) তিনি বর্তমানে বাড়িতে থেকে ভ্যাকসিন গ্রহণ করছেন।

আরও পড়ুনঃ  ‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা ছাড়াও পথচারী ও বেশ কিছু শিশু রয়েছে। তারা গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে; মানুষ লাঠিসোটা ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস বলেন, “পৌর এলাকায় কুকুরের উপদ্রব ও মানুষের নিরাপত্তা নিয়ে প্রশাসন নির্বিকার। একের পর এক মানুষ আহত হচ্ছে, অথচ এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দ্রুত এই সমস্যার সমাধান এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ  উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এ বিষয়ে গোদাগাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন বলেন, “কুকুরের আক্রমণের বিষয়টি আমরা অবগত হয়েছি। আক্রান্তদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। সরকারিভাবে বর্তমানে কুকুর নিধন নিষিদ্ধ থাকায় আমরা বন্ধ্যত্বকরণ ও ভ্যাক্সিনেশনের ওপর জোর দিচ্ছি।। জননিরাপত্তার স্বার্থে শীঘ্রই পৌর এলাকার বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব যাতে সাধারণ মানুষ নির্ভয়ে চলাচল করতে পারে। এ জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।