স্টাফ রিপোর্টার : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার James Goldman সাক্ষাৎ করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।
মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, এদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের ভূমিকারও প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরো বৃদ্ধির জন্য যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির ক্ষেত্র আরো বিস্তৃত করার আহ্বান জানান।
বৈঠকে ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়। প্রতিনিধিদল শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে Foreign Commonwealth and Development Office (FCDO) এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর Stephen Forbes ও হেড অফ ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
