নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৯:১৩। ৩১ মে, ২০২৬।

কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

মে ৩১, ২০২৬ ৭:৫৭ 👁️ ১৯ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে একটি জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মিলের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। লুটকৃত মালামালের দাম ৮৩ লাখ টাকা বলে দাবি মিল কর্তৃপক্ষের।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত ‘সাজিদ জুট মিলস’-এ এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল প্রায় চার ঘণ্টা ধরে মিলের ভেতর তাণ্ডব চালিয়ে ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

রোববার (৩১ মে) মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ইরান ও লেবাননে নতুন হামলা, হুমকিতে যুদ্ধবিরতি

থানা-পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখে মাস্ক, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৩৫-৪০ জনের একটি সশস্ত্র দল জুট মিলের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা জুট মিলে কর্মরত কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর পুরুষ ও নারীদের আলাদা কক্ষে হাত-পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। তারা মিলের একটি ৬৩০ কেভিএ ট্রান্সফর্মার (আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), সাব-স্টেশনের যন্ত্রাংশ (১৫ লাখ টাকা), প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার, ৪টি ব্যাটারি (১ লাখ ৬০ হাজার টাকা), ১৫টি ২৫ হর্স পাওয়ারের মোটর (১০ লাখ টাকা) এবং প্রায় ৬ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ লুট করে। এ ছাড়া, কর্মীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লাখ টাকাও ছিনিয়ে নেয় তারা। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ডাকাতরা লুট করা মালামাল একটি ট্রাকে তুলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

জুট মিলের মালিক সাজিদ মল্লিক বলেন, কর্মচারীদের হাত-পায়ের বাঁধন খুলে দেওয়ার পর তারা আমাকে বিষয়টি জানান। এই ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। আমি প্রশাসনের কাছে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও আমাদের সর্বস্ব ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ  কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং সারা দেশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। আসামিদের শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।