নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৪৬। ২৩ এপ্রিল, ২০২৬।

গৃহহীনমুক্ত রাজশাহীর তিন জেলা

মার্চ ২১, ২০২৩ ৮:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে রাজশাহী বিভাগের তিনটি জেলা। তিনটি জেলার ১৪টি উপজেলায় এখন কোন ভূমিহীন ও গৃহহীন নেই। এই তিন জেলার বাইরের আরও ১৮টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ সোমবার দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন।

ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট। এই তিন জেলার উপজেলাগুলো হলো- রাজশাহীর পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা; জয়পুরহাটের সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা। এছাড়া বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলা; নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা; সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলা; পাবনার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া; নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন বিভাগীয় কমিশনার।

আরও পড়ুনঃ  রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২২ মার্চ) ভার্চুয়ালি সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর প্রদান করবেন। এ পর্যায়ে রাজশাহী বিভাগের তিনটি জেলা ও ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। এর পরও যদি নতুন ভূমিহীন দেখা যায় এবং কারও ঘর ভেঙে যায় তবে পূর্বের সংখ্যার সঙ্গে নতুন করে হালনাগাদ করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার।

আরও পড়ুনঃ  তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

তিনি জানান, রাজশাহী বিভাগে ‘ক’ শ্রেণির মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ৩১ হাজার ৯৩০টি। ইতিমধ্যে তিন ধাপে ২১ হাজার ৭৬১টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। চতুর্র্থ পর্যায়ে ৮ হাজার ৩১৪টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১ হাজার ৪৫১টি, চাঁপাইনবাবগঞ্জে ২৩০টি, নওগাঁয় ১ হাজার ৪৯২টি, নাটোরে ১ হাজার ২৮৯টি, পাবনায় ১ হাজার ৫১৮টি, সিরাজগঞ্জে ৭৮৩টি, বগুড়ায় ১ হাজার ৪১২টি এবং জয়পুরহাটে ১৩৯টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৪৬টি উপকারভোগীদেরকে প্রদান করা হবে। বাকিগুলো খুব অল্প সময়ের মধ্যে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

তিনি আরও জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় এবং ৩য় পর্যায়ে ১০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। চতুর্থ পর্যায়ে আরও ৩২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট ভূমিহীন ও গৃহহীন উপজেলা হবে ৪২টি এবং বাকি থাকবে ২৫টি উপজেলা।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হকসহ বিভাগের বিভিন্ন জেলার প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।