নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে রাজশাহীতে চীনা বিশেষজ্ঞ দল

জুলাই ২১, ২০২৬ ৩:১৯ 👁️ ৭৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। এ উপলক্ষে বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিনামূল্যে স্ক্রিনিং ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এ কার্যক্রমে অংশ নিচ্ছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) বিশেষজ্ঞরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান জানান, তিন দিনব্যাপী এ কার্যক্রমে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ (স্ক্রিনিং) ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হবে। এ জন্য ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে।

তিনি বলেন, সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। যেসব শিশুর জন্মগত হৃদরোগ ধরা পড়বে, তাদের রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দেবেন। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় পাঠানো হবে। বিশেষ ক্ষেত্রে চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

এ চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস থেকে ছয় সদস্যের বিশেষজ্ঞ দল রাজশাহীতে আসছে। পাশাপাশি এনআইসিভিডির পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও সেবা প্রদান করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ উদ্যোগের মূল লক্ষ্য শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। এতে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি হার্ট ফেইলিউর, গুরুতর জটিলতা ও অকাল মৃত্যুর ঝুঁকি কমবে।

আরও পড়ুনঃ  আরডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এমপি আবু সাইদ চাঁদের

সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহসভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মণ্ডল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।