নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

আগস্ট ১, ২০২৬ ৪:৫৮ 👁️ ৩৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, চিকিৎসক পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। শুধু সার্টিফিকেট অর্জনই শেষ কথা নয়, রোগীদের সাথে অমায়িক ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।

আজ শনিবার (০১ আগস্ট) বেলা এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে বলেন, সৃষ্টিকর্তার নামে আজ যে শপথ আপনারা নিলেন, তা যেন আপনাদের কর্মজীবনে সততা, নিষ্ঠা এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটায়। অসহায় মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, এই প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা দেশ ও বিদেশে সুনামের সাথে কাজ করছেন। তিনি ডা. গোলাম মওলা, অধ্যাপক হারুন এবং ডা. মাহবুব হাসানের মতো বরেণ্য চিকিৎসকদের উদাহরণ দিয়ে বলেন, তাঁদের দক্ষতা ও অমায়িক ব্যবহারের কারণে রাজশাহী মেডিকেল কলেজ আজ দেশজুড়ে প্রশংসিত।

তিনি নিজের মায়ের চিকিৎসার অভিজ্ঞতা ও প্রখ্যাত চিকিৎসক ড. বিধান চন্দ্র রায়ের উদাহরণ টেনে বলেন, চিকিৎসকের সুন্দর ব্যবহার ও মৃদু হাসি একজন রোগীর অর্ধেক রোগ সারিয়ে তুলতে পারে।

রাজশাহীর স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধান অতিথি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করছে। তিনি ঘোষণা করেন, রাজশাহীতে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং চীন সরকারের সহযোগিতায় একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া ১২ তলা বিশিষ্ট হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত করা এবং শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুনঃ  মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও বিএম এর সাবেক সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, জনস্বাস্থ্য রোগ বিশেষজ্ঞ ও বিএমএর সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খোন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জহিরুল হক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. মনোয়ার তাবিথ, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ট্রেজারার মো. জামান মিঞা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

ডা. মনিরুজ্জামান বাবলু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. হাসান তারিখ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. নার্গিস জাহান ছন্দা প্রমুখ। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক, নবীন চিকিৎসক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২১৬ জন ইন্টার্ন চিকিৎসক শপথ গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।