নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

জুন ২, ২০২৬ ৮:৪৫ 👁️ ৯৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক নারী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আটকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার বাসিন্দা দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু (১৮)।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তথ্য পাওয়া যায় যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।

আরও পড়ুনঃ  জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার কার্যক্রম শেষে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।