নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

আগস্ট ১৩, ২০২৬ ১০:০০ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর মিডিল চরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ও নৌপথে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেক ডগার ঘাটে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন। রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ সঙ্গে ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়। এদিকে লাইফ জ্যাকেট পেয়ে খুশি নৌকার মাঝি ও দর্শনার্থীরা।

নৌকার মাঝি আশরাফুল ও শফিকুল বলেন, “দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছি। কিন্তু এর আগে কখনো এভাবে নৌকার মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেওয়ার উদ্যোগ দেখিনি। লাইফ জ্যাকেট পেয়ে আমরা খুবই আনন্দিত। নদীতে নৌকা চলাচলের সময় এটি আমাদের এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়াবে। সিটি প্রশাসকের এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই।”

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

দর্শনার্থী লাবনী আক্তার বলেন, “মিডিল চরে ঘুরতে এসে নৌকায় নদী পারাপার করতে হয়। তাই আমাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছি। নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

এ সময় ২৯নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম কনক, মতিহার থানা দক্ষিণ যুবদল সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক বশির উদ্দিন সনি, ২৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।